ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় মারা যাওয়া সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর (৪০) পরিবারের সঙ্গে দেখা করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।
এ সময় সাংবাদিক তরিকুলের পরিবারকে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (১২) রাতে ডাকসুর জিএস এসএম ফরহাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওই পোস্টে জিএস ফরহাদ লিখেছেন, ‘ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।’
জিএস ফরহাদ লিখেছেন, চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে— ‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।’ অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!

